ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইপিজেডে হাত হারানো শ্রমিক গোলাম রসুলের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(১ মাস আগে) ১৯ জুন ২০২৬, শুক্রবার, ১:২১ অপরাহ্ন

banglahour


কর্মরত অবস্থায় কারখানার মেশিনে হাত বিচ্ছিন্ন হওয়া মোংলা ইপিজেড-এর শ্রমিক মোঃ গোলাম রসুলের উন্নত চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে মোংলা।

শুক্রবার (১৯ জুন)  সকালে বাগেরহাটের  মোংলার উত্তর চাঁদপাই বাজারের মোড়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। চাঁদপাই গ্রামবাসী ও ভুক্তভোগী গোলাম রসুলের স্বজনদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মোংলা ইপিজেড-এর 'গুয়াংজু হুয়া ফাং সায়েন্স এন্ড টেকনোলজি বিডি' কোম্পানির শ্রমিক মোঃ গোলাম রসুল কারখানায় কর্মরত থাকা অবস্থায় মেশিনের ভেতরে পড়ে কনুই থেকে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দুর্ঘটনার পরপরই কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে যথাযথ ও সময়মতো চিকিৎসা দেওয়া হয়নি। অবহেলা না করে যদি তাৎক্ষণিক উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হতো, তবে হয়তো ক্ষতির পরিমাণ অনেকটাই কম হতো।

​"শ্রমিক স্বল্পতার কারণে অতিরিক্ত দায়িত্ব ও কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হয়েছিল গোলাম রসুলকে। কর্তৃপক্ষের এই অব্যবস্থাপনার কারণেই আজ একটি তাজা প্রাণ পঙ্গুত্ব বরণ করেছে।"

 

​শুক্রবার সকাল ৮টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নূর আলম শেখ। সংহতি প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ রুস্তম আলী ও আবু হানিফ শেখ, নাগরিক নেতা নাজমুল হক, আসাদুজ্জামান টিটো, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, আরাফাত হোসেন দূর্জয় এবং পরিবেশকর্মী মেহেদী হাসানসহ আরও অনেকে।


​বক্তারা কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়ে বলেন, শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গোলাম রসুলকে সারা জীবন পঙ্গুত্ব বরণ করে বেঁচে থাকতে হবে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি চিরতরে কর্মহীন হয়ে পড়ায় পুরো পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে।


​মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে গোলাম রসুলের সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব নেওয়ার জন্য ইপিজেড কোম্পানি কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় এলাকাবাসী।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯