ঢাকা, ২১ জুন ২০২৬, রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পার্বত্য প্রতিমন্ত্রীকে অপসারণ ও দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রীতে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২১ জুন ২০২৬, রবিবার, ৭:১৬ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ানকে পূর্নমন্ত্রীতে পুনর্বহাল, পার্বত্য চট্টগ্রাম চুক্তির শর্ত অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পুনর্গঠন এবং অ-উপজাতীয় প্রতিমন্ত্রীর পরিবর্তে চুক্তির বিধান মেনে উপজাতীয় প্রতিনিধিকে পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


রোববার (২১ জুন) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


লংগদুর কালাপাগুজ্যা মৌজার হেডম্যান মো. মীর সিরাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি সুজিত দেওয়ান, জেলা কার্বারি সভাপতি নন্দ বিকাশ চাকমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা স্বপন মল্লিক, জেলা মহিলা দলের সভাপতি নুর জাহান পারুল এবং মহিলা হেডম্যান মানুচিং মারমা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রীর পদে বহালের দাবি জানান।


মানববন্ধন শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল রাঙ্গামাটির জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে পার্বত্য চট্টগ্রামের বর্তমান প্রশাসনিক স্থবিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চুক্তি বাস্তবায়নের প্রতিবন্ধকতা দূর করতে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী উপজাতীয়দের মধ্য থেকে একজন মন্ত্রী নিয়োগ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠনের কথা রয়েছে এবং মন্ত্রণালয়কে সহায়তার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠনের বিধান রয়েছে। তবে বর্তমানে এই নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে অ-উপজাতীয় প্রতিনিধিকে দায়িত্ব দেওয়ায় তা চুক্তির সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হয়।


বক্তারা অভিযোগ করেন, গত ১৭ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একজন অ-উপজাতীয় সংসদ সদস্যকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা তাঁদের মতে চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তাঁদের দাবি, এই সিদ্ধান্তের ফলে পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছে এবং উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।


স্মারকলিপিতে আরও বলা হয়, রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সদ্য পদত্যাগকারী মন্ত্রী দীপেন দেওয়ান ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তবে এই পদত্যাগ ঘিরে জনমনে প্রশ্ন ও ধোঁয়াশা রয়েছে বলে উল্লেখ করা হয়।


বিভিন্ন মহল ও সংবাদমাধ্যমের বরাতে স্মারকলিপিতে দাবি করা হয়, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি; বরং পদত্যাগে বাধ্য করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রমাণ উপস্থাপন করা হয়নি।


নাগরিক সমাজের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। তাঁরা অবিলম্বে বর্তমান পার্বত্য প্রতিমন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে পদায়ন করে চুক্তির শর্ত অনুযায়ী উপজাতীয় সম্প্রদায়ের প্রতিনিধি থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী নিয়োগের দাবি জানান।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯