ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বরিশালে গ্রেফতারের ভয়ে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক।

(২ দিন আগে) ২২ জুন ২০২৬, সোমবার, ১২:১১ পূর্বাহ্ন

banglahour

বরিশাল নগরীতে পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ জুন) দুপুর সোয়া ৩টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়ার খান বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ খান মেনন নগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাবা মরহুম প্রকৌশলী হেমায়েত উদ্দিন বাদশা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।

তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশি হয়রানির ভয়ে স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে গেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মেননকে গ্রেপ্তার করতে আজ রোববার বেলা ৩টার দিকে কাউনিয়া থানার ৯-১০ জন পুলিশ খান বাড়িতে যান। তখন মেনন বাসায় ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাসার পেছনের দেয়াল টপকে পালাবার চেষ্টা করেন। দেয়াল টপকে অপরপ্রান্তে একটি ড্রেনের স্লাবের ওপর পড়ে অসুস্থ হয়ে যান তিনি। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেননের মৃত্যুর বিষয়ে স্বজনরা প্রকাশ্যে কোনো কথা বলতে রাজি হননি। পরিচয় প্রকাশ না করার শর্তে তার এক নিকটাত্মীয় জানান, মৃত্যুর কারণের বিষয়ে তারাও নিশ্চিত নন। দেয়াল থেকে লাফ দেওয়ার পর মাথায় আঘাত লাগতে পারে অথবা তখন তিনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন। বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ে গেলে পুলিশি হয়রানি আরও বাড়তে পারে এ আশঙ্কায় স্বজনরা মরদেহ ময়নাতদন্ত করতে দেননি।

এর আগে গত শুক্রবার রাতে খান বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে মেননের স্বজন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিক খান ও ফয়েজ খানকে গ্রেপ্তার করে। রাতে বাসায় না থাকায় তখন গ্রেপ্তার এড়াতে পেরেছিলেন মেনন। তার দুই সন্তানের মধ্যে বড় ছেলে সায়েল এ বছর এসএসসি পরীক্ষার্থী ও ছোট ছেলে সায়াত ষষ্ঠ শ্রেণির ছাত্র।

মেননের মৃত্যু প্রসঙ্গে কাউনিয়া থানার ওসি সঞ্জীব কুমার নাথ জানান, কোতয়ালী থানার দুটি মামলার সন্দেহজনক আসামি মেনন। তাকে গ্রেপ্তারের জন্য রোববার বেলা ৩টার দিকে কাউনিয়া থানা পুলিশ খান বাড়িতে যায়। বাড়ির মহিলারা জানান, তিনি বাড়িতে নেই। এতে আশ্বস্ত হয়ে পুলিশ বাড়ি থেকে ফেরত আসে। এরপর তিনি পালাতে গিয়ে ড্রেনের ওপর পড়ে মারা গেছেন আমরা শুনেছি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯