কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপি নেতার ক্রয়কৃত দোকান ঘর জোরপূর্বক দখল ও উচ্ছেদ করে যুবলীগ নেতার কাছে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিনের বিরুদ্ধে।
আজ সোমবার কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ২নং কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমত।
লিখিত বক্তব্যে মাহবুব আলম বলেন, অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক ও অষ্টগ্রাম বাজার কেন্দ্রীয় মসজিদের মধ্যবর্তী খালের খাস জমিতে নির্মিত একটি চায়ের দোকান আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা বরজু পরিচালনা করতেন। পরে দোকানটি বিক্রির সিদ্ধান্ত হলে অষ্টগ্রাম বাজার কেন্দ্রীয় মসজিদ কমিটিকে দেওয়া জামানতসহ গত ৩০ জুলাই যুবদল নেতা মাহবুব আলম দোকানটি ক্রয় করেন। দোকান ক্রয়ের পর সংস্কার কাজ শুরু করলে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাজার কেন্দ্রীয় মসজিদের সভাপতি এস এম শাহিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মসজিদের সাধারণ সম্পাদক জুবায়ের হাসান ইয়ামিন তাঁকে ডেকে নিয়ে দোকানের চাবি নিয়ে যান এবং জোরপূর্বক উচ্ছেদ করেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের কাছে বিচার প্রার্থী হলে দোকান ঘর ও ভেতরে থাকা মালামালসহ তাঁকে চূড়ান্তভাবে উচ্ছেদ করে দোকানটি স্থানীয় এক আওয়ামী যুবলীগ নেতা নাজমুলের কাছে ভাড়া দিয়ে দেন। এ ঘটনায় তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
