গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামীকাল শুক্রবার (২৬ জুন) সিলেট সফরে আসছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি সফরসূচি অনুযায়ী, তিনি সিলেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় সিলেট সার্কিট হাউজে সিলেটের ঐতিহ্যবাহী মাজারসমূহের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
এরপর সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সকাল সাড়ে ১১টায় সারদা হলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এর উদ্বোধন করবেন এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন।
দুপুর আড়াই টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৪ ও ২০২৫’ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সফরকালে মন্ত্রী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
