মুন্সীগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ-এর এইচএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর, আবেগঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কামারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অভিভাবক প্রতিনিধি (স্কুল শাখা) মোঃ হোসেন লিটন এবং শিক্ষক প্রতিনিধি (কলেজ শাখা) ড. জাকির হোসেন।
সহকারী অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন-এর সুনিপুণ উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জানব শরীফ উল্যাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনের জন্য আন্তরিক শুভকামনা ব্যক্ত করেন।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেজা ই রাব্বি এবং মানবিক বিভাগের শিক্ষার্থী কানিজ আশ্রাফ সামিয়া তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা শিক্ষাজীবনের স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁদের আবেগঘন বক্তব্যে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়।
বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উম্মে আবিবা তাসফিয়া বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন। এছাড়া একাদশ মানবিক বিভাগের শিক্ষার্থী সাফা মারওয়া বিদায়ী শিক্ষার্থীদের সাফল্যময় ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, নৈতিক উন্নয়ন এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আবু সুফিয়ান। দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার ও এইচএসসি ২০২৬ ব্যাচের স্মৃতি সম্বলিত ডায়েরী " অভিযাত্রা" প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিদায়ের আবেগ, স্মৃতিচারণ এবং ভবিষ্যতের স্বপ্নকে ঘিরে এক অনন্য অনুভূতির সৃষ্টি হয়।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি বিদায়ী শিক্ষার্থীদের জীবনের এক স্মরণীয় অধ্যায়ে পরিণত হয়। তাদের সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ এবং আগামী দিনের নেতৃত্বদানের প্রত্যয়ে অনুষ্ঠানটি এক অনুপ্রেরণামূলক বার্তা বহন করবে বলে আশা করা যায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
