ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান খন্দকার মুক্তাদিরের

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ মাস আগে) ২৬ জুন ২০২৬, শুক্রবার, ৬:৫৫ অপরাহ্ন

banglahour

মাদক সেবন ও পাচার শুধু আইন প্রয়োগের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব নয়; এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সিলেট জেলা প্রশাসন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।


মন্ত্রী বলেন, “পাড়া-মহল্লার প্রতিটি সক্রিয় ক্লাবে প্রবীণদের পাশাপাশি মধ্যবয়সী শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের সচেতন নাগরিকদের সম্পৃক্ত করতে হবে। সমাজ সংঘটিত হলে মাদক, জুয়া কিংবা কিশোর গ্যাংসহ কোনো ধরনের অপরাধী চক্র মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।”
তিনি অপরাধ দমনে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মাদক নির্মূলকে তাঁর নির্বাচনী অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।


ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার খান মো. এনামুল হক এবং জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।


এর আগে সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে নগরীর বন্দরবাজার এলাকায় একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে ফায়ার সার্ভিস, কেন্দ্রীয় কারাগার, যুব উন্নয়ন অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, আনসার-ভিডিপি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম