ঢাকা, ২৮ জুন ২০২৬, রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালুখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন: ২৫ হাজার শিশু পাবে বিনামূল্যে ক্যাপসুল

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৮ জুন ২০২৬, রবিবার, ১:০৮ অপরাহ্ন

banglahour


রাজবাড়ীর কালুখালী উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ২৮ জুন, ২০২৬, রবিবার সকাল ৮টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী সেবাকেন্দ্রসহ নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে এই কার্যক্রম শুরু হয়, যা বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।


জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুসরা বিন্তে জাফরসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিন। তিনি স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে ভিটামিন 'এ' ক্যাপসুলের ভূমিকা অপরিসীম। কালুখালীর একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে জন্য আমাদের টিম মাঠে কাজ করছে। আমি এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিজেরা বিভিন্ন ইউনিয়ন ও মাঠ পর্যায়ের কেন্দ্রগুলো সশরীরে পরিদর্শন করছি"। তিনি উপজেলার সকল অভিভাবককে তাঁদের ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ক্যাপসুল খাওয়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।


এরপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন বলেন, "আজ সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মোট ১শত ৬৯টি কেন্দ্রে ৩শ ৩৮ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কালুখালী উপজেলার প্রায় ২৫ হাজার শিশু সম্পূর্ণ বিনামূল্যে এই সুযোগ পাবে। এছাড়া মূল কেন্দ্রগুলোর পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সার্বক্ষণিক সেবা কেন্দ্র চালু রাখা হয়েছে।"


তিনি তাঁর বক্তৃতায় 'এ' প্লাস ক্যাম্পেইনের তাৎপর্য ব্যাখ্যা করে আরও বলেন "আমরা একে 'প্লাস' ক্যাম্পেইন বলি কারণ এখানে শুধু ভিটামিন 'এ' ক্যাপসুলই খাওয়ানো হয় না, বরং শিশুদের অভিভাবকদের সাথে পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে কথা বলা হয়। বাবা-মায়েরা শিশুকে কী ধরনের খাবার খাওয়াচ্ছেন বা কীভাবে পুষ্টি নিশ্চিত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য শিক্ষাও এখান থেকে প্রদান করা হচ্ছে"। দিনশেষে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সরেজমিনে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মায়েরা তাঁদের কোলের শিশুকে নিয়ে সারিবদ্ধভাবে কেন্দ্রে আসছেন এবং সম্পূর্ণ নিরাপদ দূরত্ব ও নিয়ম মেনে শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। মাঠ পর্যায়ে ক্যাম্পেইনটি সফল করতে স্থানীয় স্বেচ্ছাসেবী ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯