জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে রিয়াজ আহমেদ নামে এক বহিরাগত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, অভিযুক্ত যুবক গত কয়েক মাস ধরে ক্যাম্পাসে এসে ছাত্রীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে আসছিলেন।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে। আটক রিয়াজ আহমেদের বাড়ি কেরানীগঞ্জের উত্তর বাহেরচর এলাকায়।
শিক্ষার্থীরা জানান, সোমবার রাতে সেলিম আল দীন মুক্তমঞ্চে বড় পর্দায় ব্রাজিল ও জাপানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখার পর কয়েকজন ছাত্রী টিএসসির ওয়াশরুমে যান। এ সময় এক যুবককে ছাত্রীদের ওয়াশরুম থেকে তড়িঘড়ি করে বের হতে দেখে উপস্থিত শিক্ষার্থীদের সন্দেহ হয়।
পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করেন। তবে শিক্ষার্থীরা তার মোবাইল ফোন তল্লাশি করলে ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে ধারণ করা একাধিক ভিডিও দেখতে পান।
শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত রিয়াজের মোবাইল ফোন ঘেঁটে চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু করে এ পর্যন্ত ক্যাম্পাসের ছাত্রীদের ধারণ করা প্রায় ১৪০টি গোপন ভিডিও পাওয়া গেছে।
"অভিযুক্ত রিয়াজ দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে ক্যাম্পাসের বিভিন্ন ওয়াশরুমে ছাত্রীদের প্রাইভেসি লঙ্ঘন করে আসছিলেন। তার ফোনে গত কয়েক মাসের বিপুল পরিমাণ ভিডিওর প্রমাণ মিলেছে।"
ক্যাম্পাসে উপস্থিত একজন ক্ষুব্ধ শিক্ষার্থী এই ঘটনার জানাজানি হলে উপস্থিত উত্তেজিত শিক্ষার্থীরা রিয়াজকে গণপিটুনি দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা এসে তাকে উদ্ধার করে প্রান্তিক ফটকে নিয়ে যান।
ঘটনার পর আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে নিয়ে যেতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে তাকে আবার ক্যাম্পাসে ফিরিয়ে এনে ভোররাতে নিরাপত্তা শাখায় রাখা হয়। এদিকে ভুক্তভোগী ছাত্রীরা লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করতে আশুলিয়া থানায় যান।
অভিযুক্তের স্বীকারোক্তি:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রিয়াজ আহমেদ জানান, তিনি খেলা দেখতে ক্যাম্পাসে এসেছিলেন। প্রথমে তিনি দাবি করেন তার এক বন্ধু মোবাইল নিয়ে ভিডিওটি করেছে। তবে ফোনের পুরোনো ভিডিওগুলোর ব্যাপারে জানতে চাইলে তিনি স্বীকার করেন যে, এর আগেও বিভিন্ন সময়ে ক্যাম্পাসে এসে তিনি এ ধরনের ভিডিও ধারণ করেছিলেন।
প্রশাসনের বক্তব্যঃ
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ঘটনাটিকে অত্যন্ত ‘ন্যক্কারজনক’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন: অভিযুক্ত যুবককে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা ও প্রাইভেসি সুরক্ষায় নজরদারি আরও জোরদার করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
