ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এআই প্রযুক্তির মাধ্যমে বাজার নজরদারি ও মূল্য নিয়ন্ত্রণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ মাস আগে) ৪ জুলাই ২০২৬, শনিবার, ৫:৪১ অপরাহ্ন

banglahour

দেশের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্য নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেন, প্রথম পর্যায়ে ৩০টি অতি সংবেদনশীল পণ্যকে এআইভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় আনা হবে।
শনিবার সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকারের একাধিক সংস্থা সক্রিয়ভাবে কাজ করছে। শুধু বর্তমান বাজারদর নয়, পণ্যের উৎপাদন পরিস্থিতি, আবহাওয়ার প্রভাব, সম্ভাব্য ফলন এবং আন্তর্জাতিক বাজারের অবস্থা বিশ্লেষণ করে আগাম পূর্বাভাস দিতে একটি সমন্বিত এআই মডেল তৈরি করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।


সিলেটকে দেশের অন্যতম সবজি রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে খন্দকার মুক্তাদির বলেন, দেশের মোট সবজি রপ্তানিকারকদের প্রায় অর্ধেকই সিলেট অঞ্চলের। তবে প্যাকেজিং ও আন্তর্জাতিক মানের সার্টিফিকেশনের সীমাবদ্ধতার কারণে রপ্তানির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এ সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এর আওতায় কৃষকদের বিজ্ঞানভিত্তিক উৎপাদন পদ্ধতি ও ট্রেসেবিলিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি আরও জানান, কৃষিপণ্য সংরক্ষণে সুবিধা বাড়াতে সরকার সারাদেশে প্রায় দুই হাজার কোল্ড স্টোরেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যার উল্লেখযোগ্য অংশ সিলেট অঞ্চলে স্থাপন করা হবে।


বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে স্থবিরতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর প্রভাব বিভিন্ন দেশের শিল্প ও বাণিজ্য খাতেও পড়ছে। তবে দেশের শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।


সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) সেবা চালুর লক্ষ্যে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত প্রস্তুতির কাজ এগিয়ে চলছে।


সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান।


অনুষ্ঠানে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণ, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর পুরস্কার প্রদান, প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ছাগলের খাদ্য বিতরণ এবং ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে বিকেল সাড়ে ৪টায় মন্ত্রী খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে সিবিসি পরীক্ষার জন্য হেমাটোলজি অ্যানালাইজার কার্যক্রম এবং জলাতঙ্ক (র‌্যাবিস) ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম