চুয়াডাঙ্গার ফকিরপাড়া ও আকন্দবাড়ীয়ায় মাদকবিরোধী সমাবেশ; আত্মসমর্পণ করলেন মাদক কারবারি আশরাফুল
রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ায় মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই দিনে সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামেও ওপেন হাউজ ডে, মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় ফকিরপাড়ার লিটনের চাতালে অনুষ্ঠিত মাদকবিরোধী যুব সমাবেশে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফয়জুল। ‘মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘মাদক নিয়ন্ত্রণে সচেতন যুব সমাজ, ফকিরপাড়া, দামুড়হুদা, চুয়াডাঙ্গা’র উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি বলেন, “মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সমাবেশ চলাকালে ফকিরপাড়ার খোকনের ছেলে ও পরিচিত মাদক কারবারি আশরাফুল স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তিনি ভবিষ্যতে মাদক ব্যবসা থেকে বিরত থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় পুলিশ সুপার তাকে সুপথে ফিরে আসার জন্য উৎসাহিত করেন এবং অন্য মাদক কারবারিদেরও আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সর্বস্তরের সচেতন জনগণের উদ্যোগে ওপেন হাউজ ডে, মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।
এ সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি বলেন, “মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
