বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মোঃ ইব্রাহিম তালুকদার (২৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৬। আটক ইব্রাহিম মোড়লগঞ্জ উপজেলার মিলন তালুকদারের ছেলে।
সোমবার (৬ জুলাই) রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৬-এর সহকারী পরিচালক (অপারেশন কর্মকর্তা) মো. ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় ফেনী থেকে গাঁজা নিয়ে আসা ওই যুবক কাটাখালী বাসস্ট্যান্ডে নেমে একটি মাহিন্দ্রা যোগে রামপালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফয়লাহাট এলাকায় র্যাব সদস্যরা তার গতিরোধ করেন।
পরে সন্দেহভাজন ওই যুবকের কাছে থাকা মালামাল তল্লাশি করে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
