চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামে বাবর আলী বাবু নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিরীহ গ্রামবাসীদের পুলিশি হয়রানির অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে বাবর আলী বাবু বলেছেন, তাকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় হুদাপাড়া গ্রামের দক্ষিণপাড়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় কয়েকজন বাসিন্দা এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, বাবর আলী বাবু নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিলেও তিনি দলের কোনো সাংগঠনিক পদে নেই। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এলাকায় বিএনপির একটি কার্যালয় প্রতিষ্ঠা করেন এবং সেটিকে কেন্দ্র করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ করেন তারা।
গ্রামবাসীদের অভিযোগ, বাবর আলী বাবু রাজনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন এবং তার বিরুদ্ধে প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশি হয়রানির পরিবেশ সৃষ্টি করছেন। তারা আরও দাবি করেন, মাদক সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে নিরীহ মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক কার্যক্রম চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়রা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং কোনো ব্যক্তি যেন মিথ্যা অভিযোগের ভিত্তিতে হয়রানির শিকার না হন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শাহিন, তরিকুল ইসলাম, সুইট, নজরুল ইসলাম, শাহিনুর শেখ, আসেহার ও জহির উদ্দিন জনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাবর আলী বাবু বলেন, “পতিত আওয়ামী লীগের কিছু লোক আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব মিথ্যা অভিযোগ ও গুজব ছড়াচ্ছে। জেলা বিএনপির নেতাদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, তবে আমার কোনো দলীয় পদ নেই। হুদাপাড়ায় আমি একটি বিএনপি অফিস প্রতিষ্ঠা করেছি, যা জেলা বিএনপির নেতৃবৃন্দ উদ্বোধন করেছেন।”
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন শেখ বলেন, “মাদক সংক্রান্ত তথ্য পেলে পুলিশ ঘটনাস্থলে যায়। কোনো পুলিশ সদস্য অনিয়ম, দুর্ব্যবহার বা অর্থ দাবি করেছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করা হবে।”
স্থানীয় সচেতন মহলের মতে, মাদকবিরোধী কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে যদি ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধ সৃষ্টি হয়, তবে তা উদ্বেগের বিষয়। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
