শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা : তিনজনের মৃত্যুদণ্ড, একজনের ১০ বছর কারাদণ্ড
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলায় তিন অভিযুক্তকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত| সেই সঙ্গে তাদের দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে| এই মামলায় অপ্রাপ্তবয়সী অপর অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ|
আজ (বৃহস্পতিবার) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক সুদিপ্তা সরকার এই রায় দেন| মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিযুক্তরা হলো আরিফ, রাকিব ও সিয়াম|
মামলার সূত্রে জানা গেছে, গত ১৪ জুন বিকেলে ধোবাউড়ার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের তাজু মিয়ার মেয়ে শিশু নিছামনিকে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়| পরদিন ১৫ জুন নিছামনির বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা করেন| ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে মামলার মাত্র ৯ দিনে ৪ জন অভিযুক্তের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দেয় পুলিশ| পরে উভয় পক্ষের শুনানী শেষে ঘটনার ২৫ দিনের মধ্যে আদালত চারজনের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন|
নিছামনির মা জানান, এই রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি| এই রায় দ্রুত কার্যকর হলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে| আমার মতো আর কোন মায়ের বুক যেন খালি না হয়|
বাবা তাজু মিয়া জানান, আমার মেয়ের বয়স ৪ বছর ৭ মাস এই বয়সের একটি মেয়েকে ধর্ষন করে হত্যার পর পানিতে ফেলে দেয়| এই ঘটনা যেই শুনেছে সেই কান্না করেছে| আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই এবং সরকার যেন এই রায় দ্রুত কার্যকর করে, তার দাবি জানাই|

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
