ঢাকা, ১০ জুলাই ২০২৬, শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফেসবুকে প্রেমের ফাঁদ, খুলনায় ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদাবাজি: হানি ট্র্যাপ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা।

(৩ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:৩৫ অপরাহ্ন

banglahour

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক ব্যবসায়ীকে খুলনায় ডেকে এনে তিন দিন ধরে জিম্মি করে নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে একটি হানি ট্র্যাপ চক্রের সাত সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।


সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঢাকার আশুলিয়ার বাসিন্দা ব্যবসায়ী এইচ এম সালাউদ্দিন আহমেদ (৫৭)-এর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শারমীন সুমাইয়া (২৭) নামে এক নারীর পরিচয় হয়। দীর্ঘদিন চ্যাটিং ও অডিও-ভিডিও কলে কথাবার্তার একপর্যায়ে ওই নারী তাকে খুলনায় আসার আমন্ত্রণ জানান।
গত ৫ জুলাই সন্ধ্যায় সালাউদ্দিন খুলনায় এসে সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসায় যান। সেখানে প্রবেশের পর তিনি বুঝতে পারেন বাসাটি বসবাসের উপযোগী নয়। বের হতে গেলে দেখতে পান দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর ৫ জুলাই রাত থেকে ৮ জুলাই সন্ধ্যা পর্যন্ত তাকে জিম্মি করে রাখা হয় বলে অভিযোগ।


পুলিশ জানায়, এ সময় চক্রের সদস্যরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং তার মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন ডকুমেন্ট মুছে ফেলে। পাশাপাশি তার আত্মীয়-স্বজনদের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা চালায়। ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্টে থাকা ৪ হাজার ৭০০ টাকা এবং মানিব্যাগে থাকা ১ হাজার ১০০ টাকা তারা নিয়ে নেয়।


ঘটনার একপর্যায়ে স্থানীয় লোকজনের সন্দেহ হলে সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি পুলিশের নজরে আসে। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে সালাউদ্দিনকে উদ্ধার এবং চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— বিশ্বজিৎ ভক্ত ওরফে জিৎ ভক্ত, আল সাব্বির রাজু, জিতু শেখ, ধীমান তালুকদার, আকলিমা আক্তার সোমা, তামান্না আক্তার সাদিয়া এবং রিয়া মনি।


এ ঘটনায় ভুক্তভোগী সালাউদ্দিন আহমেদ বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় পলাতক শারমীন সুমাইয়াসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।


ভুক্তভোগীর দাবি, এটি একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ ও চাঁদাবাজ চক্র। তাদের বিরুদ্ধে আরও অনেক মানুষকে প্রতারণা ও জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। চক্রের সদস্যদের মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করে তদন্ত করা হলে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে তিনি মনে করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯