টানা কয়েকদিনের বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টইটুম্বুর রাঙ্গামাটির বৃহত্তম মানবসৃষ্ট কাপ্তাই হ্রদ। হ্রদের যেদিকে চোখ যাই, সেদিকে শুধু পানি আর পানি। আর পানির উপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) এর ৫টি ইউনিট হতে একযোগে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
বিশেষ করে শুষ্ক মৌসুমে বিগত জুন মাস পর্যন্ত ১টি বা ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও চলতি মাসের মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা হতে এই কেন্দ্রের ৫টি ইউনিট একযোগে চালু করা হয়েছে। সেদিন ৫টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১ শত ৪৪ মেগাওয়াট।
যা জাতীয় গ্রিডে বড় অবদান রাখছে।
শুক্রবার ( ১০ জুলাই) সকালে যোগাযোগ করা হলে কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, টানা বৃষ্টিতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির লেভেল গত ৭ দিন ধরে হু হু করে বাড়ছে, ফলে পানির উপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট হতে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১ শত ৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তৎমধ্যে ১নং ও ২নং ইউনিট হতে প্রতিটিতে ৪২ মেগাওয়াট করে ৮৪ মেগাওয়াট, ৩নং ইউনিট এ ৩৫ মেগাওয়াট এবং ৪ ও ৫নং ইউনিট হতে প্রতিটিতে ৩০ মেগাওয়াট করে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২ শত ৪০ মেগাওয়াট।
এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ৯০.৩১ ফুট মিন সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদে পানি থাকার কথা ৮৫.৪৪ ফুট মিন সি লেভেল। আর কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
