ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গাছকে ভালো রাখলেই মানুষ ভালো থাকবে: বাগেরহাটে বৃক্ষমেলার উদ্বোধনে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ মাস আগে) ১১ জুলাই ২০২৬, শনিবার, ৫:৪০ অপরাহ্ন

banglahour

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, “আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি, গাছ ঠিক তার উল্টো কাজ করে। আমাদের জীবনের সঙ্গে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তাই গাছকে ভালো রাখতে পারলে আমরাও ভালো থাকতে পারব।”


শনিবার (১১ জুলাই) সকালে বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এর আগে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। পরে জেলা পরিষদ ভবনের পাশে একটি ওষুধি ও একটি ফলদ বৃক্ষ রোপণ করেন।


বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবে নিমগাছ রোপণ করেছিলেন, যা আজও তীব্র গরমের মধ্যে হাজিদের ছায়া ও স্বস্তি দিচ্ছে। তিনি নিমগাছের উপকারিতার কথা তুলে ধরে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।


গাছ রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। অবহেলার কারণে কোনো প্রতিষ্ঠানের গাছ মারা গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির এবং জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।


সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, মেলায় বিভিন্ন প্রজাতির চারা নিয়ে ১৯টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১৭ জুলাই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলার পর্দা নামবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম