ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রবল বৃষ্টিতে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত, সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা হুমকিতে; পানিবন্দিদের মাঝে খাদ্য সহায়তা

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(২ মাস আগে) ১১ জুলাই ২০২৬, শনিবার, ৫:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৬ অপরাহ্ন

banglahour

টানা প্রবল বৃষ্টিতে চুয়াডাঙ্গা জেলার স্বাভাবিক জীবনযাত্রা প্রায় থমকে গেছে। বৃষ্টির পানির তোড়ে জেলার বিভিন্ন স্থানে সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে ভাঙন দেখা দেওয়ায় যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এদিকে পানিবন্দি হয়ে বিদ্যালয়ে আশ্রয় নেওয়া অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সহায়তা বিতরণ করেছেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) রাত ৩টা ৪০ মিনিট থেকে শুরু হওয়া ভারী বর্ষণ শনিবারও অব্যাহত থাকে। জেলার চারটি উপজেলা ও পৌর এলাকার অধিকাংশ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে বৃষ্টির পানি নোংরা ড্রেনের পানির সঙ্গে মিশে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।


নাগরিকদের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি। একই সঙ্গে সড়ক ও জনপথ বিভাগেরও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।


দামুড়হুদা উপজেলার চিৎলা-গোবিন্দহুদা এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের পাশের মাটি দুর্বল হয়ে পড়ে। টানা বৃষ্টির পানির তোড়ে সড়কের একাংশ ভেঙে যাওয়ায় হাজারো মানুষের চলাচল ঝুঁকির মধ্যে পড়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়ে সড়কটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।


এছাড়া জয়রামপুর কাঁঠালতলা বাজার থেকে কুমারীদহগামী সড়কের একটি অংশও ধসে গেছে। স্থানীয় গ্রামবাসীরা জানান, এলাকার একটি মসজিদের নিকটবর্তী স্থানে রাস্তার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।


দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা এলজিইডির প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দ্রুত ভাঙনরোধ এবং সড়কটি চলাচলের উপযোগী রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ চলছে বলে তিনি জানান।
অন্যদিকে, বৃষ্টির পানিতে জেলার বিস্তীর্ণ ফসলি মাঠ তলিয়ে গেছে। কর্মজীবী মানুষ ঘর থেকে বের হতে না পারায় রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে। শহরে রিকশা, ইজিবাইক ও অন্যান্য যাত্রীবাহী যানবাহনের চলাচলও অনেক কমে গেছে।


এ অবস্থায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। এ সময় পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, প্রবল বৃষ্টিতে পানিবন্দি ২৭টি পরিবারের ১১৮ জন সদস্যের খোঁজখবর নেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। নিজ নিজ বাড়িতে পানি প্রবেশ করায় এসব পরিবার ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়।


খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী ও ইউএনও তিথি মিত্র আশ্রয়কেন্দ্রে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। পরে তাদের মাঝে পাঁচ প্যাকেট ত্রাণসামগ্রী, প্রতিটি প্যাকেটে ১০ কেজি চালসহ প্রয়োজনীয় শুকনো খাবার, নগদ ৪ হাজার টাকা, ১০ কেজি চিড়া এবং ২৭টি কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা।


এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম