সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন ও সংস্থাকেও জনসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগেই একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, ‘মঈন উদ্দিন ও মুহিব উদ্দিন ফাউন্ডেশন’ শুরু থেকেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নে ‘মঈন উদ্দিন ও মুহিব উদ্দিন ফাউন্ডেশন’-এর সহযোগিতায় প্রতিষ্ঠিত ফ্রি চক্ষু চিকিৎসা ও সেবাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাউন্ডেশনের কার্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন আজহারুল ইসলাম চৌধুরী, তাজুল ইসলাম ও আব্দুস শহীদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি ফর দ্য ব্লাইন্ড (বিএনএসবি), মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম এবং যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী টিপু।
এদিকে, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এক শোকবার্তায় তিনি বলেন, শরফ উদ্দিন খসরু ছিলেন একজন অভিজ্ঞ, জনবান্ধব ও দায়িত্বশীল রাজনৈতিক নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু সিলেটের রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি আরও বলেন, তাঁর কর্ম, সততা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় এমপি এমরান আহমদ চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
