ধান ও সবজি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪ হাজার ৫৫০ জন কৃষকের মাঝে সরকারি প্রণোদনার আওতায় উচ্চ ফলনশীল বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান এবং চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ২৫০ জন কৃষককে বিনামূল্যে ৫ কেজি উচ্চ ফলনশীল আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এসব উপকরণের বাজারমূল্য প্রায় ৭২০ টাকা।
এছাড়া ৩ হাজার ৩০০ জন কৃষককে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১৬০ গ্রাম কলমি শাক, ১৫ গ্রাম হাইব্রিড লাউ, ৫ গ্রাম হাইব্রিড চালকুমড়া, ১০০ গ্রাম পুঁইশাক, ৫ গ্রাম হাইব্রিড বেগুন, ৫ গ্রাম হাইব্রিড শসা ও ১০ গ্রাম হাইব্রিড মিষ্টি কুমড়ার বীজের পাশাপাশি ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার দেওয়া হয়। এসব উপকরণের মূল্য প্রায় ২ হাজার ৫ টাকা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা কৃষকদের বিতরণকৃত বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে অধিক ফলন অর্জনের আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
