বরিশালের মেহেন্দিগঞ্জে প্রবেশপত্রে বিষয়ের নাম ও কোডের অসঙ্গতির কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি এক এইচএসসি পরিক্ষার্থী।
সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষায় অংশ নিতে গিয়ে এ ঘটনার শিকার হন উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী রিপা দেওয়ান। তিনি দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্বহর্ণী গ্রামের ইদ্রিস আলী দেওয়ানের মেয়ে।
জানা যায়, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় (আর.সি. কলেজ) কেন্দ্রে মানবিক বিভাগের যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হন রিপা দেওয়ান। প্রবেশপত্র জমা দিলে দায়িত্বপ্রাপ্তরা দেখতে পান রিপার প্রবেশপত্রে যুক্তিবিদ্যার পরিবর্তে সমাজকল্যাণ বিষয়ের নাম ও কোড উল্লেখ রয়েছে। এ কারনে বোর্ডের বিধি অনুযায়ী বিষয় ও কোডের মিল না থাকায় তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি।
ভুক্তভোগী রিপা দেওয়ান বলেন, “আমি যুক্তিবিদ্যা বিষয়েই রেজিস্ট্রেশন করেছি এবং কলেজের টেস্ট পরীক্ষাও ওই বিষয়েই পরীক্ষা দিয়েছি। পরীক্ষার দুই দিন আগে প্রবেশপত্র হাতে পেলেও বিষয় পরিবর্তনের বিষয়টি আমি খেয়াল করিনি। সমাজকল্যাণের বইও কিনিনি, পড়াশোনাও করিনি। এখন বাবা-মায়ের কাছে আমি কীভাবে মুখ দেখাবো? কলেজের শিক্ষকরা কেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখলো না?
রিপার বাবা ইদ্রিস আলী দেওয়ান বলেন, “আমি দিন মজুর মানুষ। অনেক কষ্ট কইরা মেয়েকে পড়ালেখা করাইছি। একটা ভুলের কারণে আজ আমার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হইয়া গেলো।" তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী করেন।
সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের আহ্বায়ক মামুনুর রশীদ বলেন, “আজ যে বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়ের নাম ও কোড শিক্ষার্থীর এডমিট কার্ডে ছিল না। বোর্ডের নিয়ম অনুযায়ী তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া সম্ভব হয়নি। এছাড়া সে রেজিস্ট্রেশন কার্ডও সঙ্গে আনেনি।”
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান গণমাধ্যমকে বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। যদি কোনো প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক ত্রুটি হয়ে থাকে, তাহলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
