রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীসহ বিভিন্ন আন্তজেলা বাস চলাচলে। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও ঢাকা রুটসহ আন্তজেলা বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
সকালে সীমিত আকারে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে কয়েকটি বাস চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে জরুরি কাজে যাওয়া যাত্রীদের বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে। অনেককে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে।
বাস চলাচল বন্ধ থাকায় বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। অনেকে বাধ্য হয়ে মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য বিকল্প পরিবহনে যাত্রা করছেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্রাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, “এটি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের কারণে হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে কোনো সমস্যা নেই। তবে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ থাকায় এখান থেকেও কোনো বাস ছেড়ে যাচ্ছে না।”
শ্রমিকদের এই বিরোধ দ্রুত নিরসন করে স্বাভাবিক বাস চলাচল পুনরায় চালুর দাবি জানিয়েছেন ভোগান্তিতে পড়া যাত্রীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
