রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাছের ঘেরে বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোশারফ খান (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মোশারফ উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দবির খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১৫ জুলাই) রাতে খাবার শেষ করে মোশারফ খান তাঁর মাছের ঘেরে যান। পরদিন আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে এক পথচারী ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে পানির মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে তিনি দুর্গাপুর স্ট্যান্ডে থাকা স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও কালুখালী থানা পুলিশকে সংবাদ দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানির মধ্য থেকে মোশারফের মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে মাছের ঘেরে থাকা বৈদ্যুতিক বাল্বের লাইন ঠিক করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পানিতে পড়ে মারা যান।
ঘটনার পর কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করার জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কালুখালী থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
