ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ ঘন্টা আগে) ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৫:০৯ অপরাহ্ন

banglahour

সিলেটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস- ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে  জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তৃতায় সিসিক প্রশাসক বলেন, দীর্ঘ ১৭ বছরের অন্যায়, অবিচার, নিপীড়ন, গুম ও হত্যার বিরুদ্ধে বিএনপির ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের পুঞ্জীভূত সফলতা আসে ২০২৪ সালের জুলাই-আগস্টে। তিনি বলেন, এ আন্দোলনে দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছিল। আন্দোলনের শহিদ ও আহতদের অবদান স্মরণ করে তাঁদের পাশে দাঁড়ানো এবং সরকারের পক্ষ থেকে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং শহীদ পরিবারের সার্বিক কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্র তাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের চেতনা তুলে ধরার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

প্রধান বক্তা বলেন, জুলাই আন্দোলন জাতিকে ঐক্যের শিক্ষা দিয়েছে। তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দীর্ঘদিনের অপশাসন থেকে মুক্তি সম্ভব হয়েছে। ভবিষ্যতে যেন কেউ ক্ষমতার অপব্যবহার ও স্বৈরতান্ত্রিক শাসনের পথে না হাঁটে, সে জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রকৃত কোনো আহত জুলাই যোদ্ধা তালিকার বাইরে থাকলে যাচাই-বাছাই করে তাঁদের অন্তর্ভুক্ত করা হবে। তিনি শহিদ পরিবার ও আহতদের প্রতি সরকারি সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ  কমিশনার এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুর রফিক, জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার সভাপতি লিটন আহমদ, আমরা জুলাই যোদ্ধা মহানগর শাখার সদস্য সচিব আবদুল মতিন, শহিদ পরিবারের সদস্য সাইফ আলম ও মো. রফিক উদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, শহিদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নগরীর রিকাবীবাজারস্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা প্রশাসক, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯