জুলাই আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সকালে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে জুলাই আন্দোলনের স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করীমসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে অতিথিরা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন স্থিরচিত্র পরিদর্শন করেন এবং অদম্য বাংলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
পরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘জুলাই বিপ্লব থেকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শহীদ মীর মুগ্ধের আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। তারা বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মীর মুগ্ধের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় বক্তারা আরও বলেন, মীর মুগ্ধ যে স্বপ্ন ও আদর্শ নিয়ে সংগ্রাম করেছিলেন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি হল শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের নামে নামকরণের দাবিও উত্থাপন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
