ময়মনসিংহের সদরের চর হরিপুর এলাকায় চালক রাজিব ইসলামকে (২৫) কুপিয়ে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত অটোরিক্সা চালক রাজিব ইসলাম নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতনকান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। রাজিবের আড়াই বছর বয়সি নাফিয়া নামে এক কন্যা সন্তান রয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাতে সদর উপজেলার শম্ভুগঞ্জ থেকে পরানগঞ্জ সড়কের ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম চালককে কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১১ টার দিকে ছিনতাইকারিরা রাজিবের অটোরিক্সা ভাড়া করে। ছিনতাইকারিরা অটোরিক্সা উঠে শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যেতে বলে। পথিমধ্যে চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন নির্জন জায়গায় পৌঁছলে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করে। এসময় তাদের পিছনে আসা অন্য অটোরিক্সার চালক ও যাত্রীরা বিষয়টি বুজতে পেরে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে আসার আগেই ছিনতাইকারি চক্র রাজিবকে কুপিয়ে হত্যা করে সড়কের পাশে জঙ্গলে তার মরদেহ ফেলে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি শিবিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে অটোরিক্সা ছিনতাই করতেই রাজিবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজিবের অটোরিক্সা ছিনতাইকারি চক্র নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
