চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, প্রসাধনী, কনফেকশনারি সামগ্রী ও জিরাসহ প্রায় আড়াই লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মক্কা স্কেলের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় শাড়ি, ১৬৬ পিস বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী, ২০৪ পিস কনফেকশনারি পণ্য এবং ৪ কেজি জিরা জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৮ হাজার ২১০ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানায়, জব্দকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
