প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিদেশগামী কর্মীদের সুবিধার্থে রাজধানীর আশকোনাস্থ হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন।
রোববার সকালে হজ্জ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং ধর্মমন্ত্রীর প্রস্তাবের আলোকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী জানান, বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত ‘ওয়েজ আর্নার্স সেন্টার’-এ ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। তবে ফ্লাইট বিলম্ব বা বাতিলসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে প্রবাসীদের দুর্ভোগ কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হজ্জ ক্যাম্পে অতিরিক্ত ১০০টি শয্যার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, নতুন আবাসন ব্যবস্থায় পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি বেড থাকবে। এ উদ্যোগের সার্বিক অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’।
আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর। যুদ্ধ, বৈরী আবহাওয়া বা অন্যান্য কারণে অনেক সময় ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়। এমন পরিস্থিতিতে বিমানবন্দরে অবস্থানরত প্রবাসীরা আবাসন সংকটে পড়েন। হজ্জ ক্যাম্পে এই শয্যা ব্যবস্থা তাদের দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে।
পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ্জ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
