ঢাকা, ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাঘটি সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য নদীতে সাঁতার কাটছিল

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৬ ঘন্টা আগে) ২৬ জুলাই ২০২৬, রবিবার, ১১:৩১ অপরাহ্ন

banglahour


পূর্ব সুন্দরবনে মাত্র তিন দিনের ব্যবধানে ফের দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের। রোববার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের টাইগার পয়েন্ট এলাকায় নদীতে সাঁতার কাটতে দেখা যায় বাঘটিকে। বনরক্ষীদের টহল বোটের সামনে দিয়ে নদী পার হওয়ার সময় বোটচালক সাইফুর রহমান মোবাইল ফোনে এই দৃশ্য ধারণ করেন। এরপর ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।


এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক পর্যটন কেন্দ্র ও টহল ফাঁড়ি এলাকায় একটি বাঘিনীকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। মাত্র তিন দিনের ব্যবধানে বাঘের এমন উপস্থিতি বন্যপ্রাণীপ্রেমী ও পর্যটকদের মাঝে নতুন আগ্রহ তৈরি করেছে।


শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বোটচালক সাইফুর রহমান জানান, নিয়মিত টহলের সময় হঠাৎ একটি বাঘকে নদীতে নেমে সাঁতার কাটতে দেখেন তারা। বাঘটি নদীর মাঝামাঝি চলে গেলেও বোটের শব্দে আবার ফিরে যায়। এমন দৃশ্য বিরল হওয়ায় তিনি তা মোবাইলে ধারণ করেন।


পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, নদী-খাল পেরিয়ে বাঘের চলাচল তাদের স্বাভাবিক আচরণেরই একটি অংশ। মূলত খাবার অন্বেষণ, এলাকা পরিবর্তন কিংবা প্রাকৃতিক প্রয়োজনে তারা নিয়মিত সাঁতার কেটে থাকে। তবে টহলের সময় খুব কাছ থেকে এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না।


বন বিভাগ জানায়, বর্তমানে সুন্দরবনে তিন মাসের প্রবেশ নিষেধাজ্ঞা চলছে। সাধারণ মানুষ ও পর্যটকদের প্রবেশ বন্ধ থাকায় এবং মানব কোলাহল না থাকায় বন্যপ্রাণীরা স্বাচ্ছন্দ্যে বিচরণ করার সুযোগ পাচ্ছে। এছাড়া কঠোর নজরদারির কারণে বন অপরাধ কমার পাশাপাশি হরিণ ও বাঘের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, যার ফলে বর্তমানে প্রায়ই বাঘের দেখা মিলছে।#

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯