কলাপাড়ার আলোচিত হারিচ আহমেদ ওরফে মজিবুর হত্যা মামলায় ধুলাসার ইউনিয়ন পরিষদের সদস্য মো. জসিম উদ্দিন খন্দকারকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ধুলাসার ইউনিয়নের তাড়িকাটা দাখিল মাদরাসার সামনে আয়োজিত এ মানববন্ধনে পাঁচ শতাধিক এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ঘটনার সময় ইউপি সদস্য জসিম উদ্দিন খন্দকার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। পরে ঘটনাটি জানতে পেরে তিনি ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত হারিচ আহমেদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
অথচ তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে এবং ইউপি সদস্য জসিম উদ্দিন খন্দকারের নাম মামলা থেকে প্রত্যাহার করতে হবে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নয়াকাটা গ্রামের বাসিন্দা হারিচ আহমেদ ওরফে মজিবুরের ওপর হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে নিহতের ছেলে সাইফুল ইসলাম বাবুল বাদী হয়ে মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
