গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এনসিপির আয়োজনে জেলা শাখার আহবায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন হয়েছে, ২০১৮ সালে হয়েছে মিডনাইট নির্বাচন, ২০২৪ সালে হয়েছে ডামি নির্বাচন। আর ২০২৬ সালের নির্বাচনেও ভোট চুরি হয়েছে। তবে এবার ভোট চুরি হয়েছে ফলাফল ঘোষণার পর। আগে সরকারগুলো ভোট চুরি করত, আর বিএনপি ভোটের ফলাফল চুরি করেছে।
ব্যাংক খাত, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণ করা হচ্ছে। সম্প্রতি ১২টি প্রতিষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান দিলেও বাস্তবে বিএনপি দলীয়করণকে প্রাধান্য দিচ্ছে এবং আওয়ামী লীগের মতো তারাও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের পথে হাঁটছে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, জনগণ যাদের ভোটে প্রত্যাখ্যান করেছে, তাদেরই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এসব ব্যক্তি দলীয় পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা, টেন্ডারবাজি ও চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ছেন।
দেশের মানুষ তারেক রহমানকে দেখে ভোট দেয়নি। তারা ভোট দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে। বিএনপি নির্বাচনের আগে বলেছে- সবার আগে বাংলাদেশ, এখন দেখছি- সবার আগে ক্ষমতা, সবার আগে বিএনপি। এমন হলে দেশের জনগণ মানবে না। আমাদের জন্য ভারত নেই, ইংল্যান্ড নেই। আমাদের এত টাকা নেই যে, আমরা আমেরিকায় চলে যেতে পারব। আগামীর লড়াই কোনো দলীয় লড়াই নয়। এটি ভালো-মন্দের লড়াই, ন্যায়-অন্যায়ের লড়াই, জুলুম আর মজলুমের লড়াই। এ দুই পক্ষের মধ্যে একটি পক্ষ আপনাকে বেছে নিতে হবে। আমরা (এনসিপি) যদি ভালো কাজ করি, তাহলে আমাদের সমর্থন দেবেন। আর যদি ভালো কাজ না করি, তাহলে আমাদের সমর্থন করার প্রয়োজন নেই।
কর্মসূচির পথসভায় আরো বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানে লাখো মানুষ অংশ নিয়েছিল। অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ‘৩৬ জুলাই স্তম্ভ’ সেই আত্মত্যাগের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, এই স্তম্ভে লেখা উক্তিগুলোই আওয়ামী লীগের ক্ষমতার ভীত কাঁপিয়ে দিয়েছিল। এ কারণেই বিভিন্ন স্থানে এ ধরনের স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মাহমুদা আলম মিতু, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসুম, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ,
যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান। চুয়াডাঙ্গা জেলা সদস্যসচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার ছোটন, আলী রুশদী মজনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার মুখ্য সংগঠক মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতারা।
এ সময় আগামী চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে খাজা আমিরুল বাশার বিপ্লবকে এনসিপির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
