নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং সিলেটকে ‘স্মার্ট ও সবুজ জ্বালানির শহর’ হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন পরিবেশবাদী ও নাগরিক সংগঠন।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন পরিচ্ছন্ন জ্বালানি ও পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। সিলেটে সরকারি স্থাপনা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার নিশ্চিত করা সম্ভব। এতে বিদ্যুতের ব্যয় কমার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
তারা আরও বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমবে এবং কার্বন নিঃসরণও হ্রাস পাবে। সিলেটকে দেশের প্রথম ‘সোলার সিটি’ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এতে সিলেটে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপন এবং পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে কার্যকর নীতিমালা বাস্তবায়নের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে নাগরিক কমিটির সদস্য, সোলার সিটিজেন ফোরামের প্রতিনিধিসহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
