কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইনে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে রিফাত মিয়া (৪) ও মেয়ে সাফা আক্তার (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বাড়ির সামনের পুকুরপাড়ে খেলা-ধূলা করছিল শিশু রিফাত ও সাফা। খেলতে হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায় সাফা। সাফাকে বাঁচাতে গিয়ে বড় ভাই রিফাতও পানিতে নেমে তলিয়ে যায়।
খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুই ভাই-বোনকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী বলেন, শিশুদের হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
মিঠামইন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
