ঠাকুরগাঁওয়ে মাদক ও চরাচালান বন্ধে সীমান্তে শিক্ষিত
বেকারদের আইটি প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও প্রতিনিধি: মাদক ও চরাচালান বন্ধে সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং তথ্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।
বুধবার (২৯ জুলাই) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মাছখুড়িয়া উচ্চ বিদ্যালয়ে ১৬ সপ্তাহব্যাপী কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি। এ সময় সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ দমনেই নয়, সীমান্তবর্তী মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং শিক্ষিত বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই তথ্য প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
১৬ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কম্পিউটার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন। আয়োজকদের আশা, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থান ও আউটসোর্সিংয়ের মাধ্যমে আয় করার সুযোগ তৈরি করতে পারবেন এবং দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
