নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় নওগাঁ-বগুড়াগামী একটি বিআরটিসি যাত্রীবাহী বাসের ধাক্কায় আ. ত. ম. ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আ. ত. ম. ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুটি চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে দয়ালের মোড় এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার স্কুটির সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান। এ সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মুক্তির মোড়ের দিকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর বিআরটিসি বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষকের সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনরা গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
