সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও পথসভায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি বর্তমানে সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে এবং এনসিপি যখনই তাদের সমালোচনা করে, তখন তা বিএনপি মেনে নিতে পারে না।
শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম বলেন, “আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাতে পারবেন না। ছয় মাসের পরীক্ষাতেই তিনি অকৃতকার্য হয়েছেন।”
তিনি আরও বলেন, সাবেক উপদেষ্টারা দেশের ক্ষতি করে গেছেন এবং তাদের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ নানা সংকটের মুখোমুখি হয়েছে।
পথসভায় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, আওয়ামী লীগের রাজনীতির ‘পোস্টমর্টেম’ হবে এবং ভবিষ্যতে কেউ আওয়ামী লীগের মতো স্বৈরাচারী আচরণ করতে চাইলে এনসিপি তা প্রতিহত করবে।
এদিকে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বৃদ্ধি করা হয়। কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
