আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী, ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম ফেনু হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
শুক্রবার বাদ জুমা তিনি নগরীর ঐতিহাসিক হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে মাজার সংলগ্ন এলাকায় মুসল্লি, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রফিকুল ইসলাম ফেনু বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে নির্বাচনে আসিনি। সিলেটের একজন সাধারণ সন্তান হিসেবে নগরবাসীর নাগরিক অধিকার ও মৌলিক সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য। দল-মত নির্বিশেষে সিলেটকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য, যানজটমুক্ত ও সুপরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সামাজিক সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। নগরবাসী তাঁকে সুযোগ দিলে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সিলেটের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।
রফিকুল ইসলাম ফেনু নগরীর পশ্চিম কাজল শাহ এলাকার বাসিন্দা। পেশায় ব্যবসায়ী হলেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তিনি নিজেকে একজন স্বাধীন ও নাগরিক প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে নগরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন রফিকুল ইসলাম ফেনু। দুর্যোগ-দুর্বিপাকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সিলেটের আঞ্চলিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি ও নাগরিক অধিকার আদায়ের বিভিন্ন কর্মসূচিতেও তিনি ভূমিকা রেখেছেন।
মাজার জিয়ারতকালে কাওসার উদ্দিন পাপ্পু, মৌলানা রইছ উদ্দিন, ইউসুফ সেলু, কামাল খান, সুহেল আহমদসহ পশ্চিম কাজল শাহ এলাকার মুরুব্বি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, স্থানীয় তরুণ এবং তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
