ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বদলগাছী ইউএনওর স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা, ধরা পড়লেন মডেল মসজিদের মুয়াজ্জিন

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৩ মাস আগে) ৩ আগস্ট ২০২৬, সোমবার, ৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১৯ অপরাহ্ন

banglahour

নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের এক মুয়াজ্জিনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মডেল মসজিদের সাবেক ফিল্ড সুপারভাইজারের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে ব্যাংক কর্মকর্তার সতর্কতায় চেক যাচাইয়ের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে যাওয়ায় টাকা উত্তোলন সম্ভব হয়নি।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে বদলগাছী সোনালী ব্যাংক শাখায়। রোববার (২ আগস্ট) বিষয়টি জানাজানি হলে উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, মডেল মসজিদের মুয়াজ্জিন মো. মাহফুজ ৬০ হাজার টাকার একটি চেক নিয়ে সোনালী ব্যাংকের বদলগাছী শাখায় টাকা উত্তোলনের জন্য যান। চেকটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এবং মডেল মসজিদের সাবেক ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলমের স্বাক্ষর ছিল।

ব্যাংক সূত্র জানায়, ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলম বদলগাছী থেকে বদলি হওয়ায় তাঁর স্বাক্ষর দেখে ব্যাংক ব্যবস্থাপক নূর আলমের সন্দেহ হয়। এ সময় মাহফুজ দাবি করেন, দায়িত্ব ছাড়ার আগে জাহাঙ্গীর আলম চেকটিতে স্বাক্ষর করে গেছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে ব্যাংক কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সঙ্গে যোগাযোগ করে। পরে চেকটি যাচাই করে ইউএনওর স্বাক্ষর জাল করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়। সঙ্গে সঙ্গে ওই চেকের বিপরীতে টাকা উত্তোলন স্থগিত করা হয়।

ঘটনার পর রোববার দুপুরে অভিযুক্ত মুয়াজ্জিন মো. মাহফুজকে উপজেলা মডেল মসজিদে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য জানার জন্য ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মডেল মসজিদের বর্তমান ফিল্ড সুপারভাইজার মো. আল আমিন সরকার বলেন, “আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি। ঘটনাটি শুনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বদলগাছী সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক নূর আলম বলেন, “বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে ওই চেকের বিপরীতে টাকা উত্তোলন বন্ধ করে দিই। অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটি উপজেলা প্রশাসনের বিষয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, “ঘটনাটি সত্য। প্রাথমিকভাবে স্বাক্ষর জালের বিষয়টি ধরা পড়েছে। তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম