ময়মনসিংহ বিভাগের ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন
ময়মনসিংহ প্রতিনিধি
ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য পরীক্ষার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ফলাফল জানানোর লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের জন্য ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’ চালু করা হয়েছে।
আজ (সোমবার) দুপুরে বিভাগীয় কমিশনার এস.এম.হুমায়ুন কবির সরকার বিভাগীয় কার্যালয়ের সামনে এই পরীক্ষাগারের উদ্বোধন করেন।
ময়মনসিংহ বিভাগের চার জেলা জুড়ে এই ভ্রাম্যমাণ পরীক্ষাগারের কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য পণ্য পরীক্ষার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ফলাফল পাওয়া যাবে। এছাড়া ভোক্তারা নিজেদের আনা খাদ্য নমুনাও বিনামূল্যে পরীক্ষার সুবিধা পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার।
এসময় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
