খুলনায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও খুলনা সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় কেএমপি ডিবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।
ডিবি সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ভোর ৪টার দিকে খুলনা থানার মোতলেবের মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হক হাওলাদার আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। এ ঘটনার পর গোয়েন্দা তথ্য সংগ্রহ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে ডিবি পুলিশ।
তদন্তের ধারাবাহিকতায় ডিবি ও খুলনা থানা পুলিশের একটি যৌথ দল নগরীর নিরালা আবাসিক এলাকার রোড নম্বর-২৯ এর একটি বাসায় অভিযান চালিয়ে শিবলী হোসেন রুবেলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার রুবেল সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক অপরাধমূলক মামলার তথ্য রয়েছে।
তিনি আরও বলেন, মোতলেবের মোড়ে গুলিবর্ষণের ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মহানগরীতে সন্ত্রাস দমনে ডিবি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
