ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় প্রাণ গেল পশু চিকিৎসকের

সারাদেশ | মো সাফায়েত খান ওপেল। ধামরাই প্রতিনিধি।

(৩ দিন আগে) ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৭:২৩ অপরাহ্ন

banglahour

 

ঢাকার ধামরাইয়ে ইট বোঝাই একটি দ্রুতগতির ট্রাকের চাপায় বজলুর রহমান (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী পশু চিকিৎসক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ধামরাই উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের মধুডাঙ্গা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বজলুর রহমান উপজেলার বড় কাঠালিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালের দিকে কালামপুর মুখী ইট বোঝাই একটি দ্রুতগতির ট্রাক মধুডাঙ্গা এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ করেই ট্রাকটির সামনে একটি শিশু দৌড়ে চলে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে ট্রাকচালক অত্যন্ত তাড়াহুড়ো করে জরুরি ব্রেক চাপেন। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে যায়।

দুর্ভাগ্যবশত, ঠিক ওই মুহূর্তেই নিয়ন্ত্রণ হারানো ভারী ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বজলুর রহমানের মৃত্যু হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, মরদেহ পরিবার নিয়ে গেছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯