নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাটের ময়নার ঘর আড়তে ধানের ওজন ও মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, ধানের ওজন ৪১ কেজি হলেও সেটিকে এক মণ হিসেবে গণনা করা হচ্ছে না। বরং ৪১ কেজি ১০০ গ্রাম না হওয়াকে কারণ দেখিয়ে অতিরিক্ত এক কেজি ধানের মূল্য কেটে রাখা হচ্ছে। এতে প্রতি মণে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ তাদের।
কৃষকদের দাবি, ধানের প্রকৃত ওজন অনুযায়ী ন্যায্য মূল্য না দিয়ে এভাবে হিসাব করায় তারা তাদের উৎপাদিত ফসলের সঠিক দাম থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি সুষ্ঠুভাবে যাচাই করে প্রচলিত নিয়ম অনুযায়ী ধানের ওজন ও মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।
এদিকে, ধানের ওজন ও মূল্য নির্ধারণের বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করতে গেলে এক ভুক্তভোগীকে ফোন কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
ভুক্তভোগীরা ধানের ওজন ও মূল্য নির্ধারণের বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
