নওগাঁর নিয়ামতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গুড়িহারী শালবাড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন—সদর ইউনিয়নের আদমপুর গ্রামের নবীর আলী (৬৫), গুড়িহারী শালবাড়ী গ্রামের মৃত মফিদজ উদ্দীনের ছেলে আতিকুর রহমান (৪০), তার স্ত্রী খাদিজা খাতুন (৩৫), মৃত ছায়েদ ইসলামের ছেলে আব্দুল জলিল (৬০) এবং শফিকুল ইসলামের মেয়ে নূরশাদী ইয়াসমিন (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নিয়ামতপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
