চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে গভীর রাতে ভারতীয় বিএসএফের অবৈধভাবে ৩ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে মাধবখালী বিওপি'র টহল দল।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান রবিবার (৯ আগস্ট) সকাল ১০টার পর পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এদিন আনুমানিক রাত ৩টা ১০ মিনিটে সীমান্ত পিলার-৭০/২-এস পিলার-৭০/২-এম বরাবর অবস্থিত গেইট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্প থেকে ৩ জন নারী-পুরুষকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। ওই নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপি'র টহল দলের নজরে আসে। মাধবখালী বিওপি'র টহল দল শুন্য লাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয় এবং সীমান্তের শুন্য লাইন থেকে ৪০ গজ ভারতের অভ্যন্তরে তারা অবস্থান নেয়। বিজিবি দৃঢ় অবস্থানে থাকায় তারা ভোর ৫টা ২০মিনিটে ভারতের তারকাটার নিকট চলে যায়।
পরবর্তীতে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্পের সদস্যরা সকাল ৭ টা ৫৫ মিনিটে তাদের ৬৮/৫-এস বরাবর গেইট খুলে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বিজিবি'র তৎপরতায় বিএসএফের অবৈধভাবে নারী-পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি ইতিমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ পুশ-ইন ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালনসহ সর্বোচ্চ সতর্ক অবস্থায় এবং তৎপর রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
