ঢাকা, ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু, বিএফডিসির অবতরণ ঘাটে ফিরছে প্রাণচাঞ্চল্য

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ দিন আগে) ১০ আগস্ট ২০২৬, সোমবার, ৮:০৩ অপরাহ্ন

banglahour


দেশের সর্ববৃহৎ কৃত্রিম জলরাশি রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ থাকার পর আবারো কাপ্তাই হ্রদে সোমবার মধ্যরাত থেকে আবারও মাছ আহরণ শুরু করছে জেলেরা।
সোমবার মধ্যরাত থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আবারো মৎস্য আহরণ শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। আর প্রজনন মৌসুমে মাছের প্রাকৃতিক বংশবৃদ্ধি নিশ্চিত করতে আরোপিত নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেদের মধ্যে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।


সোমবার মধ্যরাত থেকে জেলেরা মাছ শিকার শুরু করায় রাঙ্গামাটির বিএফডিসির অবতরণ ঘাটে মৎস্য ব্যসায়ীদের কর্ম তৎপরতা শুরু হওয়ায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে ব্যবসায়ী ও কর্মচারীদের মাঝে। খুলে দেয়া হয়েছে শহরের সকল বরফ কল। জেলে ও মাছ ব্যসায়ীদের তৎপরতা শুরু হওয়ায় রাঙ্গামাটি শহরের মাছের বাজারগুলোতেও প্রাণচাঞ্চল্য ফিরছে।
কাপ্তাই হ্রদে মা মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে গত ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে মাছ ধরা বন্ধ করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে।


এদিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ১২টা হতে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হয়ে ভোর ৬টা হতে মাছ সরবরাহ করা যাবে। তবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে লাইসেন্স গ্রহন এবং ধৃত মাছের নির্ধারিত শেয়ার/শুল্ক প্রদান  সাপেক্ষে কাপ্তাই হ্রদে মাছ শিকার করা যাবে। 

করমুক্ত মাছের পোনার নিরাপত্তা এবং মাছের স্বাভাবিক প্রজননের জন্য ঘোষিত মৎস্য অভয়াশ্রম সমূহ থেকে মাছ ধরা বা শিকারের উপর আরোপিত নিষেধাজ্ঞা যথারীতি সারা বছর বলবৎ থাকবে। মৎস্য রক্ষা এবং সংরক্ষণ আইন ১৯৫০ যথাযথ অনুসরণ করতে হবে। ৯ইঞ্চি বা ২৩ সেন্টিমিটার এর নিচে পোনা ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। বিএফডিসি এর নির্ধারিত অবতরণ কেন্দ্র ব্যতীত অন্য কোথাও মাছ অবতরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং মৎস্য উন্নয়ন কর্পোরেশন কর্তৃক নির্ধারিত শুল্ক পরিশোধ ব্যতীত কোন মাছ বা শুটকী ক্রয়-বিক্রয় করা যাবে না এবং বিএফডিসি কর্তৃক নির্ধারিত সময়সূচী ব্যতীত মাছ অবতরণ করা যাবে না। চিতল, ফলি, বোয়াল ও অন্যান্য মাছের প্রজনন বৃদ্ধি এবং বিলুপ্তি রোধকল্পে হ্রদের তলদেশ হতে সারা বছর সকল প্রকার গাছের গুঁড়ি, গুইট্টা তোলা, উঠানো বা অপসারণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্যখিত শর্তাদি লঙ্ঘনকারীদের আইনগত দন্ডনীয় অপরাধ বলে গন্য করা হবে এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান বিজ্ঞপ্তিতে।


বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সূত্র জানায়, ১০৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সোমবার মধ্যরাত থেকে জেলেরা হ্রদে মাছ ধরতে পারবেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবরে জেলার বিভিন্ন ঘাট ও বিএফডিসির মৎস্য অবতরণ কেন্দ্রে বেড়েছে কর্মচাঞ্চল্য।
রাঙ্গামাটি বিএফডিসি কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি, গত বছরের চেয়েও বেশি মাছ অবতরণ হবে এবং সরকারী রাজস্বও বাড়বে। তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে হ্রদে অতিরিক্ত মাছ আহরণ ও মাছের অপচয় রোধে অবতরণের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে।


হ্রদের বিশাল জলরাশি রাঙ্গামাটির অর্থনীতি ও বিপুল সংখ্যক মানুষের জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। তাই প্রতিবছর নির্দিষ্ট সময় মাছ আহরণ বন্ধ রেখে প্রজননের সুযোগ সৃষ্টি এবং পরে নির্ধারিত নিয়ম মেনে মাছ শিকার উন্মুক্ত করার মাধ্যমে এ মৎস্যসম্পদ টেকসইভাবে ব্যবস্থাপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এশিয়ার বৃহত্তম এই কৃত্রিম কাপ্তাই হ্রদে ৬৬টি দেশিও প্রজাতির ও ৬টি বহিরাগত প্রজাতির মাছ পাওয়া যায়। তাই রাঙ্গামাটি এই কাপ্তাই হ্রদে মাছের প্রকৃতিক প্রজনন ধরে রাখতে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষাসহ বিদ্যুৎ উৎপাদন বাড়াতে দ্রুত কাপ্তাই হ্রদে ড্রেজিংয়ের ব্যবস্থা করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম