বর্ষা এলেই সড়কজুড়ে কাদা, বড় বড় গর্ত আর হাঁটুসমান পানিতে চরম দুর্ভোগে পড়েন নওগাঁর বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়নের উত্তর সাদিশপুর গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি সংস্কার না হওয়ায় প্রতি বর্ষা মৌসুমে ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। কোথাও কোথাও তৈরি হয় বড় বড় গর্ত। কাদায় পিচ্ছিল হয়ে পড়ায় পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী, রোগী, কৃষক ও বয়স্কদের।
এলাকাবাসী জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীরা কাদা মাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গেলেও ভ্যান, রিকশাসহ কোনো যানবাহন ঠিকমতো চলাচল করতে পারে না। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নেওয়া এবং ঘরে তোলার ক্ষেত্রেও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয়দের দাবি, উত্তর সাদিশপুর গ্রামের প্রায় শতাধিক পরিবারের হাজারো মানুষ বছরের পর বছর ধরে এই দুর্ভোগের শিকার। বর্ষা মৌসুমে রাস্তাটির অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে।
এলাকাবাসীর একটাই দাবি—দ্রুত সরেজমিনে পরিদর্শন করে রাস্তাটি উঁচু করার পাশাপাশি পাকা অথবা ইট-বালু সলিংয়ের মাধ্যমে সংস্কার করা হোক। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন গ্রামের সাধারণ মানুষ।
উত্তর সাদিশপুর গ্রামের বাসিন্দারা মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, ৪৮নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য এবং বদলগাছী উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
