ঢাকা, ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিডিবি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, লোডশেডিং কমানোর অনুরোধ জানালেন সিসিক প্রশাসক

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ ঘন্টা আগে) ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৭:১০ অপরাহ্ন

banglahour

জনদুর্ভোগ কমাতে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বিকেলে নগরভবনের সভাকক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অনুরোধ জানান।

সিসিক প্রশাসক বলেন, বিদ্যুৎ এখন নগরবাসীর দৈনন্দিন জীবনের পাশাপাশি প্রায় প্রতিটি নাগরিক সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে শুধু বাসাবাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠান নয়, সিটি কর্পোরেশনের পানি সরবরাহ, সড়কবাতি, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা কার্যক্রমও ব্যাহত হয়। এতে শেষ পর্যন্ত ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

তিনি বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সিসিকের বিভিন্ন সেবা নিতে নগরভবনে আসেন। বিদ্যুৎ না থাকলে কম্পিউটার ও অনলাইনভিত্তিক সেবা কার্যক্রম ব্যাহত হয়। একই সঙ্গে পানি উত্তোলন ও সরবরাহ ব্যবস্থাও বাধাগ্রস্ত হয়। নগরীর আলোকায়ন ব্যবস্থার ওপরও এর প্রভাব পড়ে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া আমাদের দায়িত্ব। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কোনো নাগরিককে যেন অতিরিক্ত ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। নগরীর গুরুত্বপূর্ণ নাগরিক সেবাগুলো সচল রাখতে পিডিবির পক্ষ থেকে সহযোগিতা প্রয়োজন।

জবাবে পিডিবির কর্মকর্তারা বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশ্বাস দেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন বলেন, সিলেটে চাহিদার তুলনায় আমরা সরবরাহ পাচ্ছি কম। তাই বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। সিসিক প্রশাসকের অনুরোধের প্রেক্ষিতে নগরবাসীর দুর্ভোগ লাঘবে লোডশেডিং কমানোর আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় নগরীর গুরুত্বপূর্ণ নাগরিক সেবাগুলো সচল রাখতে সিসিক ও পিডিবির মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। জরুরি প্রয়োজনে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়।

মতবিনিময়কালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ জেড এম আনোয়ারুজ্জামান, বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত, বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এবং বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার, বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম