চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ও অসহনীয় লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেন।
শিক্ষার্থীরা জানান, বর্তমানে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলছে। দিন-রাত অনিয়মিত ও অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে পরীক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না।
এতে তাদের পরীক্ষার প্রস্তুতি ও কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। পাশাপাশি জেলা শহর ও গ্রামাঞ্চলে ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল, চিকিৎসাসেবা ও গৃহস্থালির দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—পলিটেকনিক ইনস্টিটিউট ও আশপাশে অতিরিক্ত ও অপ্রত্যাশিত লোডশেডিং বন্ধ, পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, লোডশেডিংয়ের সঠিক ও প্রকাশ্য সময়সূচি প্রদান এবং বিশেষ করে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
এ ছাড়া ‘বারঘরিয়া অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক সংলগ্ন এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ নিশ্চিত’ এবং পলিটেকনিক ইনস্টিটিউটের বিদ্যুৎ সরবরাহ পিডিবি বা নেসকোর আওতাভুক্ত করার দাবিও জানানো হয়।
কর্মসূচিতে শিক্ষার্থী মাসুম বিল্লাহ, রিপন আলী ও আব্দুর রহিম বক্তব্য দেন। তারা বলেন, পরীক্ষা চলাকালে এ ধরনের লোডশেডিং শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করা হলে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে তারা জানান।
শিক্ষার্থীরা দ্রুত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
