কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা পড়া এক চিহ্নিত ছিনতাইকারীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মিলন মিয়া (নাম প্রকাশিত) ভৈরব শহরের চন্ডিবের গ্রামের আলকাছ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ভৈরব থানাসহ বিভিন্ন থানায় মোট ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ২ নম্বর প্ল্যাটফর্মে এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের সময় মিলন মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করে রেলওয়ে থানা পুলিশ।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মিলন মিয়া দীর্ঘদিন ধরে ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
ওসি রফিকুল ইসলাম আরও বলেন, “রেলওয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে। অপরাধ দমনে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
