চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণ ও আক্রান্ত রোগীদের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে করণীয় নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
সভায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হলে করণীয়, রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং জটিলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন এ. কে. এম. শাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এডিস মশার বংশবিস্তার রোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। এজন্য নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
